হার্ট অ্যাটাক করেছেন তামিম ইকবালঃ
বাংলাদেশের
ক্রিকেট তারকা তামিম ইকবাল হার্ট অ্যাটাকের
পর হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে তিনি চিকিৎসকদের তত্ত্বাবধানে আছেন এবং তার অবস্থা
উন্নতির দিকে বলে জানিয়েছেন বিসিবির প্রধান
চিকিৎসক দেবাশীষ চৌধুরী। আজ বিকেলে কেপিজে বিশেষায়িত হাসপাতালে সাংবাদিকদের
সঙ্গে কথা বলার সময় তিনি জানান, তামিম এখন জ্ঞান ফিরিয়ে পরিবারের সদস্য ও চিকিৎসকদের
সঙ্গে কথা বলছেন। তবে আগামী ৪৮ ঘণ্টা তাকে
পর্যবেক্ষণে রাখা হবে, যার মধ্যে আগামী
২৪ ঘণ্টা সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।
আজ
সকালে তামিম তার সতীর্থদের সঙ্গে ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) ম্যাচ খেলতে বিকেএসপিতে
যান। মোহামেডান স্পোর্টিং ক্লাবের অধিনায়ক
হিসেবে শাইনপুকুর ক্রিকেট ক্লাবের বিপক্ষে টসেও অংশ নেন। তবে খেলা শুরুর কিছুক্ষণ
পর তিনি বুকে তীব্র ব্যথা অনুভব করলে তাকে বিকেএসপির পাশে কেপিজে স্পেশালাইজড হাসপাতালে নেওয়া হয়। প্রথমে এয়ার অ্যাম্বুলেন্সে
করে ঢাকায় নেওয়ার চেষ্টা করা হলেও তামিমের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় সেটা সম্ভব
হয়নি। পরে হাসপাতালে এনজিওগ্রাম করার পর জানা যায়, তার হার্টে ব্লক রয়েছে এবং একটি রিং পরানো হয়েছে।
তামিমের
অসুস্থতার খবর শুনে তার সতীর্থ মুশফিকুর রহিম,
মাহমুদউল্লাহ, মেহেদী হাসান মিরাজ এবং তাইজুল ইসলাম দ্রুত হাসপাতালে ছুটে যান।
তামিমকে দেখার জন্য হাসপাতালেও ভিড় জমিয়েছে তার পরিবারের সদস্য, বন্ধু ও সতীর্থরা।
মোহামেডানের কর্মকর্তা তারিকুল ইসলাম জানিয়েছেন, তাকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে নেওয়ার
পরিকল্পনা থাকলেও, হেলিকপ্টারে তোলার মতো শারীরিক অবস্থা না থাকায় কেপিজে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, তামিম দুইবার হার্ট অ্যাটাকের
শিকার হয়েছেন। তবে চিকিৎসা শুরুর পর এখন তার শারীরিক অবস্থা
কিছুটা ভালো। ম্যাচ রেফারি দেবব্রত পাল জানিয়েছেন, তামিমের এনজিওগ্রাম করা হয়েছে এবং
ব্লক ধরা পড়েছে। চিকিৎসকরা তার স্বাস্থ্যের প্রতি বিশেষ নজর দিচ্ছেন, যাতে দ্রুত সুস্থ
হয়ে উঠতে পারেন।
এদিকে,
তামিমের অসুস্থতার কারণে বিসিবির আজকের বোর্ডসভা
স্থগিত করা হয়েছে। দুপুর ১২টায় বিসিবির ১৯তম বোর্ডসভা হওয়ার কথা ছিল। তবে পরিস্থিতি বিবেচনায় সভাটি স্থগিত করা
হয়েছে এবং বিসিবির পরিচালক ও কর্মকর্তারা তামিমকে দেখতে হাসপাতালে গেছেন। তার দ্রুত
সুস্থতা কামনা করে ক্রিকেট ভক্তরা সামাজিক যোগাযোগমাধ্যমেও শুভকামনা জানাচ্ছেন। পুরো
দেশ এখন প্রার্থনা করছে, যেন বাংলাদেশ ক্রিকেটের অন্যতম সেরা ব্যাটসম্যান দ্রুত সুস্থ
হয়ে মাঠে ফিরতে পারেন।
0 Comments