পাকিস্তান বংশোদ্ভূত ক্রিকেটার জুনাইদ জাফর খান ক্লাব পর্যায়ের একটি ম্যাচ চলাকালীন মাঠেই মারা গেছেন। অস্ট্রেলিয়ার অ্যাডিলেডের কনকর্ডিয়া কলেজে অনুষ্ঠিত এই ম্যাচটি প্রচণ্ড গরমের মধ্যে খেলা হচ্ছিল। ৪০-এর কোঠায় থাকা খান স্থানীয় ওল্ড কনকর্ডিয়ানস ক্রিকেট ক্লাবের হয়ে প্রিন্স আলফ্রেড ওল্ড কোলেজিয়ানসের বিপক্ষে খেলছিলেন। খবর অনুযায়ী, তিনি ৪০ ওভার ধরে ফিল্ডিং করার পর সাত ওভার ব্যাটিং করেন এবং এরপর বিকেল ৪টার দিকে আচমকা মাঠে লুটিয়ে পড়েন।
দক্ষিণ অস্ট্রেলিয়া সম্প্রতি চরম গরমের কবলে রয়েছে। আবহাওয়া
অধিদপ্তরের তথ্যানুযায়ী, সেই সময় তাপমাত্রা ছিল ৪০ ডিগ্রি সেলসিয়াসের বেশি। অ্যাডিলেড
টার্ফ ক্রিকেট অ্যাসোসিয়েশনের নিয়ম অনুসারে, যদি তাপমাত্রা ৪২ ডিগ্রি সেলসিয়াসের বেশি
হয়, তাহলে ম্যাচ বাতিল করা হয়। তবে ম্যাচ চলাকালীন তাপমাত্রা এতোটা না পৌঁছালেও প্রচণ্ড
গরমের কারণে খানের স্বাস্থ্যের উপর প্রভাব পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।
খানের ক্লাব ওল্ড কনকর্ডিয়ানস ক্রিকেট ক্লাব এক বিবৃতিতে
জানিয়েছে, "আমরা অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, আমাদের দলের একজন মূল্যবান
সদস্য আজ কনকর্ডিয়া কলেজের মাঠে খেলার সময় একটি শারীরিক জটিলতার শিকার হন এবং দুঃখজনকভাবে
মারা যান।" তারা আরও জানায়, ঘটনাস্থলে থাকা প্যারামেডিকরা আপ্রাণ চেষ্টা করলেও
তাকে বাঁচানো সম্ভব হয়নি।
এই অকাল মৃত্যুতে ক্রিকেট কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে।
তার পরিবার, বন্ধুবান্ধব ও সতীর্থদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে ক্লাব ও স্থানীয়
ক্রিকেট সংগঠনগুলো। সবাই তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে তাকে একজন পরিশ্রমী ও নিবেদিতপ্রাণ
খেলোয়াড় হিসেবে স্মরণ করছে।
জুনাইল জাফর খান পাকিস্তান থেকে ২০১৩ সালে অস্ট্রেলিয়ার
অ্যাডিলেডে পাড়ি জমান। তিনি মূলত আইটি খাতে কাজ করতে এসেছিলেন এবং পাশাপাশি স্থানীয়
ক্লাব পর্যায়ের ক্রিকেট খেলতেন। তার আকস্মিক মৃত্যু ক্রিকেটপ্রেমীদের মধ্যে গভীর শোকের
সঞ্চার করেছে।
এই ঘটনা আবারও উষ্ণ আবহাওয়ায় খেলাধুলার নিরাপত্তা নিয়ে
প্রশ্ন তুলেছে। বিশেষজ্ঞরা মনে করছেন, খেলোয়াড়দের শারীরিক সুস্থতার বিষয়টি নিশ্চিত
করতে ভবিষ্যতে আরও কঠোর নিয়ম চালু করা উচিত, বিশেষ করে তীব্র গরমের সময় ম্যাচ আয়োজনের
ক্ষেত্রে।
0 Comments